৪ মাসে ১০ বার রূপ পাল্টেছে করোনা ভাইরাস
গত চার মাসে মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনা ভাইরাস ১০ বার রূপ বদলেছে। গবেষণা অনুসন্ধানের মাধ্যমে এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গের কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিকেল জেনোমিকস (এনআইবিজি) ।
গবেষণায় দেখা গেছে, ভাইরাসটি এর আদি ‘ও’ ধরন থেকে ‘এ২’, ‘এ২এ’, ‘এ৩’, ‘বি’, ‘বি১’-র মতো ১০টি রূপ ধারণ করেছে।
এর মধ্যে ‘এ২এ’ নামের ধরনটিই বিশ্বজুড়ে অন্য সবাইকে পেছনে ফেলে দিয়েছে।
পরিবর্তন বা মিউটেশনের ফলে সাধারণত ভাইরাসের সংক্রমণ ক্ষমতা কমলেও কোনো কোনো মিউটেশনে ভাইরাস আরও দক্ষ হয়ে ওঠে এবং বেশি মানুষের মধ্য ছড়িয়ে পড়ে। এ ধরনের মিউটেশন সংক্রমণের গতি বাড়িয়ে কখনো কখনো আদি ধরনকেও ছাড়িয়ে যায়। সার্স-সিওভি২ এর ক্ষেত্রেও তেমনটিই ঘটেছে-এমনটাই বলছেন গবেষকরা।
গবেষক পার্থপ্রতিম মজুমদার ও নিধান কুমার বিশ্বাসের এ গবেষণাটি শিগগিরই ভারতের কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের (আইসিএমআর) জার্নালে প্রকাশিত হতে যাচ্ছে বলে খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়েছে, ডিসেম্বর থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত ৫৫টি দেশের ৩ হাজার ৬৩৬ জন কোভিড-১৯ আক্রান্ত রোগীর নমুনার আরএনএ সিকোয়েন্স নিয়ে গবেষণা করে আদিটিসহ মোট ১১টি ধরন পেয়েছেন তারা।
গবেষক দলের সদস্য পার্থ জানিয়েছেন, চীনে সংক্রমণ ঘটিয়েছে ‘ও’; ২৪ জানুয়ারি প্রথম ‘এ২এ’ এর অস্তিত্ব ধরা পড়ে। আর মার্চের শেষ নাগাদ এটি দুনিয়াজুড়ে অন্য ধরনগুলোকে টপকে যায়।
অপর সদস্য নিধান জানান, চীনের পর ইরানে ভাইরাসটির ধরন ‘এ৩,’-এ বদলে যায়। এরপর ইউরোপ আর যুক্তরাষ্ট্রে ‘এ২এ’-ই আঘাত হেনেছে। ভারতে ভাইরাসটি এসেছে সেখান থেকে।